
লিখেছেন: রক্তিম ইসলাম
রেলমাঠে আজ ফাইনাল ফুটবল। আট দলের প্রতিযোগিতা শুরু হয়েছিল গত সপ্তাহে। ওদিনই প্রতিযোগিতার সেমিফাইনাল শেষ হয়েছে। দুদল ফাইনালে উঠে আছে-গ্রে আর গ্রিন। গত রোববারের মতো আজও দিনটা সেই রোববার।
কখন থেকে যে লোকজন রেলমাঠ-মুখো হতে শুরু করেছে, তার ঠিক ঠিকানা নেই। বহুদূর গ্রাম থেকে লোক আসছে, কেউ স্নান করেছে বা না করেই ছুটেছে। তখনো গরম ভাত হয়নি বলে বাসি পাস্তা ভাত খেয়ে দু’পায়ে চটি গলিয়ে যাত্রা শুরু করেছে। খেলার মাঠের চারপাশ জুড়ে দুপুরের মধ্যেই লোক ভরে গেছে। মুশকিলে পড়েছে আশেপাশের গ্রামের লোকেরা। যাই-যাই করে বিলম্ব করেছে, আর মাঠের কোথাও দাঁড়াবার জায়গা, বলা যায় তিল ধারণের জায়গা নেই। প্রচুর মানুষ শেষ পর্যন্ত ঢুকতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছে। গত সপ্তাহেও মাঠে প্রচুর দর্শক ছিল বটে, তবে এমন নয় যে খেলাটা দেখতে না পেয়ে ফেরত চলে গেছে।
আজও নাইন সাইড গেম, গতদিনও তাই ছিল। রেফারি ছিল, যথারীতি লাইনসম্যান ছিল দুজন। মাঠের বাইরে মাঝ-বরাবর সাইড লাইনের পাশে বাঁশ-খুঁটির তৈরি একটি প্যান্ডেল বাঁধা ছিল; ওখানেই বসে ছিল খেলার কর্মকর্তারা। আর ছিল একটা পুরনো ঘ্যাড়খ্যাড়ে মাইক। মাইক্রোফোন হাতে ধরে চলছিল খেলার রিলে। একজন কিছু কথা বলার পর মাইক্রোফোন চলে যাচ্ছিল অন্য জনের হাতে। তার দু-তিন মিনিট বলার পর আবার দর্শকরা শুনতে পাচ্ছিল অন্যজনের কণ্ঠ।
কিন্তু রিলের মজার ব্যাপার-স্যাপার ছিল অন্যরকম। খেলোয়াড়দের নাম অন্যরকম, এমন সব নাম দর্শকরা কখনো শোনেনি। কোথেকে প্লেয়াররা যে এসেছে, তাও কেউ জানে না। রিলেতে খেলোয়াড়দের নামের সঙ্গে জার্সির রং ও নম্বর বলা হচ্ছিল। কিন্তু দর্শকদের মাথা কেমন গুলিয়ে যাচ্ছিল। যে ছেলেটি হেড দিল, যার জার্সি নম্বর দর্শকরা দেখল সাত, রিলেতে উল্লেখ করা হচ্ছে নয়। বাংলাও না, ইংরেজিও না-প্লেয়ারদের নামের উচ্চারণ অজানা, তাই কার নাম কী তা দর্শকদের কাছে কোনো বিষয় ছিল না। কিন্তু জার্সির রংটাও তাদের চেনার কথা। সাদা জার্সির যে ছেলেটি হেড করে বল গোলে ঢোকালো, তার নাকি জার্সির রং নীল! বল নিয়ে দৌড়াচ্ছিল হলুদ জার্সির ছেলেটি, তার জার্সি নম্বর যেমন পাল্টে যাচ্ছিল, তেমনি জার্সির রংটাও পাল্টে যাচ্ছিল।
দর্শকের গোলকধাঁধা শুধু এইটুকুতে শেষ ছিল না। দর্শকরা দেখতে পাচ্ছিল দিব্যি বার উঁচিয়ে যে বলটি চলে গেল, রেফারি সেই বলটিতে গোলের হুইসেল দিল। সঙ্গে সঙ্গে বলটি সেন্টারে নিয়ে এল; সেন্টার থেকে দিব্যি খেলা শুরু। কিছুই ঢুকছিল না দর্শকদের মাথায়। দর্শক দেখল হঠাৎ লাইনসম্যান ফ্ল্যাগ ওঠাল, রেফারি বাঁশি দিলেন-গ্রো-র বাঁশি; অথচ লাইনের নিকটবর্তী দর্শকরা দিব্যি দেখছিল হলুদ রঙের খেলোয়াড়টি লাইনের ভেতর দিয়েই দ্রুত নিয়ে যাচ্ছিল বলটি।
একবার পেনাল্টি এরিয়ায় উপভোগ্য খেলাটি চলছিল, হঠাৎ লাইনসম্যানের পতাকা উঠল। রেফারি দৌড়ে ছুটে গেল লাইনসম্যানের কাছে, তারপর রেফারির পেনাল্টির নির্দেশ। পেনাল্টি থেকে সোজাসুজি বলটি গোলে ঢুকে গেল। কিন্তু লাইনসম্যানের নির্দেশে রেফারি কেন যে গোল নাকচ করল, তার সঠিক কারণ বিশ্লেষণে মাইক্রোফোন-ম্যান ব্যর্থ হলো; বরং মাইকে বেজে উঠল কিছুক্ষণের জন্য বৃন্দসংগীত।
গতদিন খেলা শেষ হবার পর মাঠে ঘটেনি কিছুই, কিন্তু দু-একদিন পর থেকে মাঠের বাইরে অনেক কিছুই ঘটে চলেছে। আর তা কেবল সেদিনের দর্শকদের মধ্যে। তর্কাতর্কি, ঠেলাঠেলি, এমনকি মারপিট পর্যন্ত গড়িয়েছে। যারা সেদিনের খেলায় দর্শক হিসেবে উপস্থিত হতে পারেনি, তারা ঘটনার আকস্মিকতায় অবাক হয়েছে। এবং এতখানি বিস্মিত যে মারপিট শুরু হলেও তারা ঠেকাতে পর্যন্ত যায়নি। বুঝতেই পারছে না কে বা কারা সত্যি বলছে, মিথ্যে বলছেই বা কারা! ফুটবল খেলায় এমন ঘটনা হয় কখনো, না হয়েছে কখনো!
দর্শকরা খেলার মাঠ থেকে ফিরে কিছুতেই তাদের বিস্ময় কাটাতে পারেনি। এত উল্টোপাল্টা ব্যাপার-স্যাপার কিছুতেই যেন তাদের মাথায় ঢুকছে না, বরং সব গোলমাল হয়ে যাচ্ছে। সাদা জার্সি প্লেয়ারের পায়ে বল অথচ রিলেতে বলা হচ্ছে নীল জার্সি! তাছাড়া রেফারি, লাইনসম্যান কি গাঁজা-টাজা খেয়ে মাঠে নেমেছিল?
এ সমস্ত আজেবাজে কথাবার্তা যখন সহ্যশক্তির বাইরে চলে যাচ্ছিল, তখন তাদের মধ্যে শুরু হলো প্রথমে হাতাহাতি, তারপর মারপিট। বিষয়টির চারপাশে এমন কোনো গ্রাম নেই যেখানে কমবেশি এই দুর্ঘটনা ঘটেনি। বকপোতা থেকে খবর এসেছে, ওখানে মারপিট করে ক’জনকে দানামা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মগনা থেকে কমবেশি একই খবর এসেছে। সামুন্দা গ্রামে পেটাপিটি হয়েছে বাপ-ছেলের মধ্যে; বাড়ির লোকজন ঠেকাতে না এলে বুড়ো বাপ নাকি শেষ হয়ে যেত!
চলছিল ছিলামা রেলগেটের ঘটনা। হঠাৎ মারপিট শুরু, দেখার জন্য বেশ কিছু লোক গোল হয়ে দাঁড়িয়েছে। বিষয় সেই গত রোববারের ফুটবল। এই দুজনের মধ্যে একজন খেলার মাঠে উপস্থিত ছিল, আর একজন মাঠেই ছিল না। এই দুজনের মধ্যে হাডুডু খেলার মতো রাস্তার ওপর ধস্তাধস্তি শুরু হয়েছে। যখন ঠেঙাঠেঙি জমে উঠেছে, ঠিক তখনই রেলগেট পার হয়ে একটা দ্রুত গতির পুলিশ ভ্যান ব্রেক কষে দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে দুটো রাইফেলধারী পুলিশ ভ্যান থেকে নামল। নেমে কিছু বক্তব্য শোনার আগেই দুজনকে দুদিক করে দিল। রাস্তার ওপরে এসব কী হচ্ছে এবং যা হচ্ছে-তা যেন তাদের জানা। দুজনকে হালকা করে কথা ব্যাটন কষিয়ে দিল। তারপর মজা দেখা লোকদের উদ্দেশ্যে একজন পুলিশ বলল, “সেদিনের খেলাধুলো নিয়ে যদি তোমাদের এলাকায় কোনো গন্ডগোল বেধে যায়, আমাদের খবর দেবে। যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নেব-সোজা থানার লকারে ভরে দিয়ে পরদিন চালান করে দেব কোর্টে। খবরদার, মনে থাকে যেন কথাটা!” পুলিশ ভ্যানটা আর এক মুহূর্ত দাঁড়াল না, সাইলেন্সারের তীব্র শব্দে বেরিয়ে গেল। হঠাৎ করে পুলিশের গাড়িটা ওই পথ দিয়ে যাচ্ছিল-বিষয়টা তা নয়। এই যে থানা জুড়ে গ্রামে-গ্রামে, পাড়ায়-পাড়ায়, মহল্লায় নিজেদের মধ্যে যে অশান্তি শুরু হয়েছে, সে খবর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে গেছে। উপরওয়ালাদের নির্দেশে লোকাল থানা যেন অবিলম্বে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার ব্যবস্থা নিতে শুরু করে। গত পরশু বিকেল থেকে বিভিন্ন গ্রামের লোকজন এই পুলিশ ভ্যানটাকে টহল দিতে দেখেছে।
গত রোববারের খেলার বাকি অংশ অর্থাৎ শেষ অংশ তথা ফাইনালটা হবে আজ। আর তারই জন্য দূর-দূরান্ত থেকে মানুষজন দুপুরের আগেই মাঠ ভর্তি করে ফেলেছে। আসলে এই যে দূর-দূরান্ত থেকে মানুষজন, ছেলে-বুড়ো রেলমাঠে ছুটে এসেছে-উদ্দেশ্য কি একটাই, ফুটবল ফাইনাল দেখা? না না, আদৌ তা নয়। তরুণ ছেলেরা খেলার মাঠে বেশি করে আসবে, খেলা দেখবে-এটাই তো ছিল দস্তুর। কিন্তু এই ফাইনাল দেখতে বয়স্করা বলা যায় একটাও আর ঘরে নেই, সবাই ছুটে এসেছে। গতদিন যারা খেলা দেখেছে, বয়স্কদের শুনিয়েছে সে খেলার অভিজ্ঞতা। তাদের জীবনে কি তারা এমন খেলা দেখেছে? নিয়মমতো প্রো-র সিদ্ধান্ত লাইনসম্যানের; ফাউল, পেনাল্টি, গোল-সবই সিদ্ধান্ত নেবে রেফারি। কিন্তু তা তো নয়, কর্নারের সিদ্ধান্ত পর্যন্ত নিচ্ছে রেফারি।
গতদিনের খেলা যেমন হয়েছে, আজকেও খেলাটা সেই রকমই হবে-এটাই ছিল দর্শকদের প্রত্যাশা। গতদিন তো ফুটবল হয়নি, বলটা পায়ে-পায়ে ঘুরেছে বটে। আজকে খেলা যেমন মনোযোগ দিয়ে দেখবে, তেমনি ধাঁধায় পড়ে আজগুবি সিদ্ধান্তগুলো দর্শকরা অতিরিক্ত উপভোগ করবে।
কিন্তু আজ খেলা শুরু থেকেই যেন উলটপুরাণ। মাঠে কোথায় রেফারি, কোথায় পতাকা হাতে লাইনসম্যান, আর কোথায় তারা-সেই গতদিনের যারা কর্মকর্তা? আজ যে খেলাটা শুরু হলো, তা মাঝমাঠ থেকেই শুরু হলো না। শুরু হলো একটা সাইড থেকে। তবে রীতিমতো বল দেওয়া-নেওয়া করে এগোচ্ছে। কিন্তু একি! গ্রিন জার্সির খেলোয়াড় বল দিচ্ছে গ্রে জার্সির প্লেয়ারের পায়ে, এবং উল্টোটা হচ্ছে একই রকমে-ফাঁকায় দাঁড়ানো গ্রে জার্সির প্লেয়ার বল তুলে দিচ্ছে গ্রিন জার্সিকে।
একটু আগে তো একটা কর্নার হয়ে গেল। নিজেরাই নির্ণয় করল কর্নার। এরপর কিক থেকে নিখুঁত হেড; হেডের পর ক্রসবারের কোণ দিয়ে একটা দর্শনীয় গোল ঢুকে গেল ভেতরে। যেদিক থেকে কর্নারটা করা হয়েছে, সেদিকের কিছু মানুষ হাততালি দিয়ে চিৎকার করে উঠল-গোল! গোল! কিন্তু মাঠের অন্য প্রান্ত থেকে হাততালির শব্দ শোনা গেল না। তাহলে দুদিকের দর্শকরা দুদিক থেকে দুরকম দেখল? না কি দুদিকের দর্শক দূরকম ধাঁধায় পড়ল!
এই তো ক’মিনিট আগে পেনাল্টি এরিয়ায় খেলাটা চলছিল। দেওয়া-নেওয়া করে খুব সুন্দর একটা গঠনমূলক খেলা। মনে হচ্ছিল যেকোনো মুহূর্তেই গোলকিপার বুঝতে না-বুঝতেই বল ঢুকে যাবে গোলে। তবে গোলপোস্টের পেছনে যে ঘেরা জালের ব্যবস্থা থাকে, সে ব্যবস্থা এখানে নেই। দূর থেকে দর্শকদের কিছুই বোধগম্য হচ্ছে না। গোলকধাঁধায় সব বিভ্রম হচ্ছে নাকি!
হ্যাঁ, দর্শক এবার কিন্তু ভুল দেখল না। পেনাল্টি কিকটা সেভের জন্য গোলকিপার বাম দিকে পজিশন নিল, কিন্তু বলটা গোলকিপারের ডান দিক দিয়ে ঢুকে গেল গোলে। সমস্ত মাঠের দর্শকদের তালিতে মুখরিত হলো চতুর্দিক। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে তালি থেমে গেল। এবং এমনভাবে থেমে গেল যেন মুহূর্তেই মাঠে পিন পতনের শব্দ নেই। গোলের পর বলটা তখন ফ্রি কিকের পজিশনে বসানো হলো এবং গোল হলো কি হলো না বোঝার আগেই ফ্রি কিক পজিশন থেকে খেলা শুরু হয়ে গেল।
এটা কি সত্যি সত্যি কোনো ফুটবল খেলা না অন্য কিছু? যেন সব ভুতুড়ে কাণ্ডকারখানা! না, এ খেলা আর দেখা যায় না। অনর্থক সময় নষ্ট করে কোনো লাভ নেই। এখনই মাঠ ত্যাগ করে ফেরা উচিত, অন্তত সন্ধ্যার মধ্যে যদি ঘরে ফেরা যায়! হিড়িক শুরু হয়ে গেল মাঠ ছাড়ার। দলে দলে সবাই মাঠ ছাড়তে শুরু করল। পনেরো-বিশ মিনিটের মধ্যে দর্শক খালি হয়ে গেল। তখনও সূর্য পশ্চিম দিগন্তে। খেলা শেষ পর্যন্ত কী হলো-মানে রেজাল্ট-তা দেখতে মনে হয় কোনো দর্শক আর অবশিষ্ট থাকল না।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে থানায় খবর ছিল-গত রোববারের পর এ সপ্তাহের খেলায় ধস্তাধস্তি, মারপিট বাড়বে বই কমবে না। মারদাঙ্গা আরও চূড়ান্ত আকার ধারণ করতে পারে। উর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে নির্দেশ আসার পর থানার আইসি অত্যন্ত সতর্ক ছিলেন। বলা যায় প্রায় দুদিন তিনি পুলিশ ভ্যান রেডি রেখে মারদাঙ্গার খবর পেতে থানার চেয়ার ছেড়ে ওঠেননি। দু-দুটো দিন এভাবেই পার হলো, কিন্তু অবাক করার কথা-এরিয়ার কোথাও থেকেও কোনো খবর এল না। এমনকি হাটে-ঘাটে কিংবা সন্ধ্যার পর চায়ের দোকানে ফাইনাল খেলা প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে, তেমন খবরও থানায় এল না। কিন্তু নিয়মমতো থানা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে একটা রিপোর্ট পাঠাতে হবে। আইসি ভুবন জোয়ারদার তাই আর থানায় বসে থাকলেন না; তিনি সরজমিনে তদন্ত করতে পুলিশ ভ্যানে তিনজন কনস্টেবল সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। ঘণ্টা তিনেক ঘোরাঘুরির পরেও কোথাও থেকেও কোনো নেগেটিভ রিপোর্ট পেলেন না। হঠাৎ মনে হলো রেলমাঠ, যেখানে খেলা হয়েছে-অর্থাৎ স্পট ইনকোয়ারি করা দরকার। তিনি ড্রাইভারকে রেলমাঠে নিয়ে যেতে বললেন পুলিশ ভ্যানটা। সমস্ত মাঠ উদোম হয়ে পড়ে আছে-শান্ত, নিঃশব্দ। তবে মাঠের ওপাশে কজন মাঝবয়সী লোক সুতো জড়ানো ডাংগুলি হাতে আর কিছু বাঁশ-বাখারি নিয়ে মাপামাপি করছিল।
কৌতূহলবশত মিস্টার জোয়ারদার পা বাড়ালেন সেদিকে, যেখানে মানুষজনগুলো দাঁড়িয়ে কিছু একটা মাপামাপি করছিল। হ্যাঁ, ওরা জমি মাপামাপি করছিল ক’জন-ফুটবল মাঠের জমি। ফুটবল মাঠের সাইডের যে জমি, তা বিভিন্ন মালিকের আওতাধীন ভেবে নিয়ে লোকগুলো প্রতি বছর একটু একটু করে মাঠের মাটি কেটে নিজের এখতিয়ারে নিয়ে চাষবাস করেছে। মাঠ ক্রমশ ছোট হয়েছে। তাছাড়া খেলার মাঠের জমি সরকারি, কোনো অংশ তো তাদের পাওয়ার কথা না। গত দু’রোববার খেলার পর তারা বুঝতে পেরেছে খেলার মাঠের জমি আরও বড় হলে ভালো হয়। এ পর্যন্ত খেলার মাঠ থেকে যে জমি নিজেদের আওতায় নিজেরা অধিকার করে নিয়েছে, সেই জমি খেলার মাঠকেই আবার ফিরিয়ে দিতে চায়। তাই ফিরিয়ে দেবে বলে সকাল থেকেই তারা মাপজোখ শুরু করেছে।
কথাগুলো শুনতে শুনতে মিস্টার জোয়ারদারের হাসি পেল। বললেন, “বাহ, বেশ তো!” তারপর বললেন, “সবাই যদি এভাবে সমাজের সমস্যাগুলো নিজেরা বন্দোবস্ত করে নেয়, তাহলে তো পুলিশদের চাকরিটা থাকবে না।” হাসতে হাসতে তিনি পা বাড়ালেন।
মাপজোখের মধ্যে থেকে একজন বয়স্ক ভদ্রলোক চেঁচিয়ে বললেন, “আপনাদের চাকরিটা না থাকলে রাজাদের রাজ্যগুলো যে থাকবে না, তাই না?” মিস্টার জোয়ারদারের কানে কিছু শব্দ এলেও পুরো বাক্যটা ঠিক বুঝতে পারেননি হয়তো। জোয়ারদার একটু ঘাড় ঘোরালেন, তারপর চলতে শুরু করলেন যেদিকে তাঁর ভ্যান গাড়িটা দাঁড়িয়ে।




