
ইসমাইল দরবেশ
হাওড়া শহরের দক্ষিণ প্রান্তের এক পুরোনো মহল্লায় আফসার থাকে। একখানা ঘর, জানালা দিয়ে ভেতরে ঢোকে সকালের কচি রোদ আর সন্ধ্যার নরম হাওয়া। বয়স তার তিরিশের সামান্য ওপরে। ইতিহাসে স্নাতক। সাহিত্যের প্রতি তার অগাধ আকর্ষণ। মালদহ জেলার সীমান্ত লাগোয়া প্রত্যন্ত গ্রাম সরিতপুর থেকে এসে এখানে থাকে। কলকাতার একেবারে কাছেই। শিবপুর ব্রিজ টপকালেই কলকাতা মহানগরী।
বছর পাঁচেক আগে আসা আফসার ভেবেছিল, কলকাতা ঘেঁষে না থাকলে সাহিত্য জগতকে চেনা যাবে না। কিন্তু শুধু সাহিত্য করলে কি পেট ভরে? চেয়েছিল সাংবাদিকতা করতে। পোষায়নি। ছোট কাগজে প্রতি মাসে ঠিকঠাক বেতন পাওয়া দুষ্কর।
পার্ক সার্কাস এলাকায় যে বেসরকারি অফিসে কাজ করে আফসার, তার সামনেই পুরোনো মসজিদ। আফসারের ভিতরে আছে ধর্মের প্রতি একটা নরম টান। ধূপের ধোঁয়ার মতো কোমল, কারও ওপর চাপিয়ে দেওয়ার মতো নয়। অর্থাৎ আফসার জুম্মা তো বটেই, মাঝেমধ্যে জোহর আর আসরের নামাজও পড়ে। দোকানের মালিক নামাজের সময়টুকু ছাড় দিয়ে থাকেন। এই সুযোগে আফসার ডুবে যায় কলকাতার ইতিহাস-চেতনার অনন্য স্রোতে। সেই স্রোত থেকেই জন্ম নেয় নানান আখ্যান।
আফসারের লেখক-পরিচিতি তৈরি হয়েছে এই আখ্যানধর্মী রচনা থেকেই। অল্প কিছু পাঠক তাঁর প্রতি নরম ভালোবাসা দেখায়। কিন্তু সমগ্র পৃথিবীটা তো নরম নয়! বিশেষ করে পৃথিবী যে কখন নরম আর কখন গরম হয়ে উঠবে, তা নির্ভর করে রাজনৈতিক শক্তির ওপর।
আফসার লেখে। গল্প, প্রবন্ধ, কখনও কখনও রম্যরচনাও। মানুষের গল্প লেখে। ধর্মকে ছাড়িয়ে সেই গল্পে উঠে আসে নিখাদ মানবতার প্রতিকৃতি। ছোট, অল্প পরিচিত ম্যাগাজিনে প্রকাশিত হয় এইসব লেখা। বড় কাগজেও দু-চারটি যে প্রকাশ হয়নি, এমন নয়। তার গল্পগুলি চোখে পড়ে অনেকের। কেননা আফসার বিভিন্নজনের কাছ থেকে শুনেছে, তার লেখা নিয়ে অল্পবিস্তর আলোচনা হয়। কিন্তু কলকাতার মূলধারার সম্পাদকরা তার নাম শুনলেই ভুরু কুঁচকান।
একদিন এক সম্পাদক ফোনে বলেছিলেন-‘দেখুন, আপনার লেখা খারাপ নয়। কিন্তু বাজার তো বুঝতেই পারছেন!’
আফসার মাথা চুলকে জানতে চেয়েছিল-‘আমার লেখার সঙ্গে বাজারের কী সম্পর্ক?
ওপাশে দীর্ঘশ্বাস। বললেন-
‘আসলে আপনার নামটা, মানে ইয়ে। আপনি চাইলে আমরা অন্য নামে আপনার লেখা ছাপতে পারি। আর একটা পরামর্শ দিই, আপনার গল্পের চরিত্র বা প্লটগুলো যদি একটু পরিবর্তন করতেন-মানে, আপনার অনেক লেখাতেই একটা সুনির্দিষ্ট সমাজকেন্দ্রিক হয়ে যাচ্ছে।’ ‘সে না হয় মানলাম, কিন্তু নিজের নামে কী সমস্যা?’
‘সমস্যা আপনার নেই, আমাদের আছে। শিল্প-সাহিত্যে নাম পরিবর্তন বিষয়টা নতুন তো নয়! আপনাকে খারাপ কিছু বলা হয়নি। ইউসুফ খান যদি দিলীপ কুমার হতে পারেন, আপনার সমস্যা কোথায়?’ আফসার প্রচণ্ড ধাক্কা খেল। একি কথা শুনছে সে? এমন কথা তো শোনা যেত না আগে! ক্ষোভ চেপে রেখে হেসে বলল আফসার-
‘আপনি সাহিত্য-সম্পাদক। সাহিত্যিক আফসার আহমেদের নাম তো নিশ্চয়ই শুনেছেন? আমার নামেই নাম। তাঁর তো সমস্যা হয়নি স্বনামে লিখতে এবং বিখ্যাত হতে!’
তিনি ফোন কেটে দিলেন। ফোন কেটে গেলে আফসার হেসে ফেলেছিল। সেই হাসি এক করুণ হাসি। কিন্তু তারপরেও তার মন খারাপ হয়নি। কারণ কলকাতা নামক শহর তাকে যে চেনে না, এটুকু সে জানে। কিন্তু আক্ষেপ থেকে গিয়েছিল। মানুষ মানুষকে চিনতে শেখার আগেই খোপে ভরে ফেলছে কেন ইদানিং? কী হল এই বাংলার?
তার পাঠকের সংখ্যা কম। কিন্তু তারই মধ্যে আছে কয়েকজন, যারা তার লেখা বেশ পছন্দ করেন। যেমন তৃপ্তি মুখার্জি। দক্ষিণ কলকাতার এক স্কুলশিক্ষিকা। বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি। মননে উদার, ভাষায় নম্র। তিনি তার ফেসবুকের ফলোয়ার এবং পাঠিকা। প্রায়ই মেসেজ লিখতেন। এই তো মাস সাতেক আগে একটি গল্প পড়ে লিখলেন-
‘আপনার গল্প পড়লে মনটা পরিষ্কার হয়। মনে হয় মানুষ হওয়াটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। বিশেষত ইতিহাসকে অবলম্বন করে আপনি যে শ্রমজীবী মানুষের বেদনার কথা লেখেন, তাতে আমি বেশ অভিভূত হই।’
আফসার মৃদু হেসে বারবার সেই মেসেজ পড়ত।
একমাত্র এই পাঠিকাই তাকে মাঝে মাঝে নতুন গল্প লিখতে বাধ্য করত। কখনও তারা ফোনেও কথা বলত। তাদের সম্পর্কটি দিদি ও ভাইয়ের মতো হয়ে গিয়েছিল।
তৃপ্তিদি হেসে বলতেন-
‘তুমি এত চুপচাপ কেন? লেখকেরা তো সাধারণত বাচাল হয় শুনেছি।’
আফসার মৃদু উত্তরে বলত-
‘আমি যে লেখকই নই দিদি! আপনারাই তৈরি করেছেন আমার লেখক-পরিচিতি। নইলে আমি এমন কী আর-।’
‘তুমি খুব বিনয়ী। তোমার ফোনের রিংটোনে যে গানটি আছে, আমার ভালো লাগে। আসলে এসব থেকেও রুচিশীলতার পরিচয় পাওয়া যায়।
বিনয়ী কথা। তাদের কথা খুব দীর্ঘ হত না, কিন্তু যতটুকু কথা হত, তা ছিল বেশ ভরাট-উৎসাহব্যঞ্জক। কিন্তু সবকিছুই কি আগের মতো থাকে? থাকে না।
পৃথিবী নিয়ত পরিবর্তিত হতে থাকে। এক একটি ঘটনায় সেই পরিবর্তনটা হঠাৎ করেই সামনে এসে যায়। উন্মুক্ত হয় নানা আবরণ। যেদিন এসআইআর ঘোষিত হল রাজ্যে, জনসাধারণের মধ্যে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল, সেদিন উপলব্ধি করল এই পরিবর্তনটা। রাষ্ট্রীয় নির্দেশ-নতুন করে বৈধ ভোটার কারা, তার চুলচেরা বিশ্লেষণ হবে। তা হোক, হওয়াটা বেশ জরুরি মনে হল আফসারের।
সীমান্ত ঘেঁষা অঞ্চলের স্বাভাবিক টান আছে আফসারের ভাষায়। একদিন তৃপ্তিদি ফোন করলেন। টোনে একটা কাঁপুনি-যেন কিছু বলতে চাইছেন, কিন্তু সাহস পাচ্ছেন না। তারপর জানতে চাইলেন-
‘আচ্ছা, তুমি কতদিন হল এখানে আছো?’
আফসার স্বাভাবিকভাবেই উত্তর দিল-
‘বছর পাঁচেক তো হবেই।’
‘এখন তাহলে কী হবে তোমার? তুমি ফিরবে কী করে?’
‘কেন, কী হয়েছে? কোনও সমস্যা?’
‘আমি ইয়েদের কথা বলছি। এসআইআর। ২০০২ লিস্টে তো-।’
আফসার হাসল। বলল-
‘আছে তো!’
‘আছে মানে? কীভাবে আছে?’
‘যেভাবে আপনার আছে, সেভাবেই আছে।’
‘তুমি কি বাংলাদেশ থেকে আসনি, আফসার? মানে তোমার গল্পে কিছু শব্দ, কিছু টোন দেখে আমার মনে হয়েছে তুমি বোধহয়-আমি ভুলও হতে পারি!’
আফসার প্রথমে বুঝতে পারল না। তারপর যেন বুকের ভেতর কোথাও ধাতুর ঠান্ডা আওয়াজ বাজল। সে ধীরে ধীরে বলল-
‘না, আমি তো এখানকারই ছেলে। আমাদের চোদ্দপুরুষের বাস। যাকে বলে ভূমিপুত্র। কেন জিজ্ঞেস করছেন?’
তৃপ্তি উত্তর দিলেন-
‘না না, তেমন কিছু না। আজকাল পরিস্থিতি খারাপ! ফেসবুক, খবরে দেখছ না; অনেক কথা উঠছে। তাই ভাবলাম-।’
আরও কয়েকটা বাক্য যোগ হয়েছিল। আফসার ক্রমশই বধির হয়ে যাচ্ছিল। শেষ কথাটি শুনতে পেল-‘তুমি ভুল বুঝবে না আফসার, এটা শুধু আমার কৌতূহল ছিল।’
আফসার এমনিতেই কম কথা বলে। বারবার শেষ শব্দটা তার কানে বাজছে। কৌতূহল? কিসের কৌতূহল? তারপর তার বোধ জেগে ওঠে। না, ওটা কৌতূহল নয়-ওটা আসলে অবিশ্বাসের নরম ছুরি। যে ছুরি দিয়ে তৃপ্তিদি তাকে এক মুহূর্তের মধ্যে কেটে টুকরো টুকরো করে দিয়েছেন। সে নিজের মনে ফিসফিসিয়ে বলে উঠল-‘তাহলে তুমিও?’
যে একমাত্র পাঠিকা তাকে মানুষ হিসেবে দেখেছিল, সেও নামের ওপর ধুলো জমতে দেখছে? কলেজ জীবনের বন্ধুদের কথা মনে পড়ল। ‘তুই তো আলাদা রে, তুই কিন্তু ওদের মতো না।’ আফসার তখন হাসত।
আজ সেই হাসি কোথায় যেন হারিয়ে গেল।
কয়েকদিন পর আফসার ফর্ম ফিলআপ করার জন্য চলে গেল গ্রামে। আফসারের দাদা সমস্ত ডকুমেন্ট রেডি করে রেখেছিল। আফসারের সুন্দর হস্তাক্ষরের কারণে কেবল পরিবার নয়, তাদের প্রায় পুরো পাড়ারই ফর্ম ফিলআপ করতে হল তাকে। এগারো শো ভোটার। পাঁচশো তেইশজন হিন্দু ভোটার। গ্রামে হিন্দু-মুসলমান বিষয়টা এখনও জাঁকিয়ে বসেনি। অন্তত শ’খানেক ফর্ম তাদেরও পূরণ করতে হয়েছে আফসারকে। এত ব্যস্ততার মধ্যেও বারবার সেই শব্দ ভেসে আসছিল-কৌতূহল
কাজ সেরে ফিরে এল হাওড়ার সেই বাসায়। অনেকদিন লেখা হয়নি। আজ লিখতে বসল। লিখতে বসলেও লেখা হচ্ছে না। কলম তুলে আবার রেখে দিল সে। লেখা আসছে না কেন? ক্রমশই ভোঁতা হয়ে যাচ্ছে লিখন-মেধা? আফসার খুবই বিরক্ত হচ্ছে। এই কদিন সে ফেসবুক অফ রেখেছিল। রাত দশটার দিকে তৃপ্তিদি ফোন করলেন।
‘আফসার, কী খবর তোমার? একদম চুপচাপ!-
কেমন আছো তুমি?’
আফসার ভাঙা গলায় বলল-
‘তৃপ্তিদি, আমার গল্পে আপনি মানুষ খুঁজে পান, কিন্তু আমার মধ্যে কেন দাগ খুঁজলেন, সেটাই ভাবছি।’
ওপাশে দীর্ঘ নীরবতা।
তারপর তিনি বললেন-
‘কিসের দাগ?’
‘কলঙ্কের দাগ।’
‘কলঙ্ক? কী সব বলছ তুমি? আমি বুঝতে পারছি না।’ ‘ভাবুন। সেদিন আপনি আমাকে অবৈধ অনুপ্রবেশকারী ভাবলেন? কৌতূহল?’
‘ওহ! ওই কথাতে তুমি ব্যথা পেয়েছ? তোমরা যারা লেখালেখি করো, খুব সেন্সিটিভ। আচ্ছা, ক্ষমা চাইছি। ঠিক আছে, তোমার সম্পর্কে না হয় ভুল ধারণা পোষণ করে ফেলেছি। কিন্তু তোমাদের স্বজাতি কি এমন গিজগিজ করছে না কলকাতায়?’
‘কী বলছেন আপনি? ইদানিং আপনি বোধহয় ফেসবুক বেশি দেখছেন, তাই না?’
তৃপ্তিদি এই প্রথম অতৃপ্তিসূচক শব্দে ফোনটা রেখে দিলেন। ফোনটা কেটে গিয়েছিল খুব ধীরে।
আফসার তারপরেও লেখালেখি করার ব্যর্থ চেষ্টা করে গেল। পারল না। পরের দিন, তার পরের দিন। না, কিছুতেই মন থেকে সরাতে পারছে না অবিশ্বাসের এই বাতাবরণ। আফসার লেখালেখি প্রায় ছেড়েই দিল। মোবাইল থেকে সাহিত্যবন্ধুদের গ্রুপ মুছে ফেলল। ফেসবুক থেকেও সরিয়ে নিল নিজেকে।
ফাইনাল লিস্ট প্রকাশিত হবে আজ। আফসারের কোনও উদ্বেগ নেই। সন্ধ্যার পর তাদের বিএলওকে ফোন করে লিস্টটা পিডিএফ করে হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করল। রাতের দিকে হোয়াটসঅ্যাপ চেক করে আফসার অবাক হল। মোট তিনশো তিরাশি জন ‘বিচারাধীন’ হয়েছে। নামের মধ্যে দাগ। তাদের পরিবারের একজন বাদে সকলেই। গুনে গুনে দেখল, এর মধ্যে মাত্র তিনজন হিন্দু ভোটার! বাকি সকলেই মুসলমান। আফসারের পিতা, যার জন্ম স্বাধীনতার পূর্বে, তাকেও রাখা হয়েছে বিচারাধীন!
এও কি সম্ভব? কীভাবে সম্ভব?
বিএলওকে ফোন করল। তিনি তার অপারগতা জানালেন। সব নাকি ওপর মহলের খেলা। তার আর কিছুই করার নেই।
বুকের মধ্যে পাষাণ ভারী আবেগ কাজ করছে। নির্বাচন কমিশনের এ কেমন বিচার? ম্যাপিংয়ের সময় সবই ঠিকঠাক ছিল, আর ফাইনাল লিস্টে একি অবস্থা? এই বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ কী?
ফেসবুক খুলল। নানা জনের নানান পোস্ট পড়ল, ভিডিও দেখল। অস্থির হল মন। অনিদ্রায় কাটল সারা রাত।
দিন কয়েক পরে সকালে ব্রেকফাস্ট করছে, ঠিক তখন ফোন বেজে উঠল। তৃপ্তিদি ফোন করেছে। আফসার ফোন রিসিভ করল না। করতে পারল না। এক সুরে বেজে চলেছে রিংটোন-
“যদি বন্ধু হও, বাড়াও হাত-জেনো থামবে ঝড়।”
আফসারের রিংটোনটি ভারী সুন্দর। তারপরেও রিসিভ করতে পারল না তৃপ্তিদির ফোন। বেজেই চলল ফোনটা। রিংটোনটি বারবার শুনতে মন চাইছে।



