
বই: রাসায়েল মিনাল কুরআন
লেখক: আদহাম শারকাভী
অনুবাদ: মুহাম্মাদ মুরসালিম
প্রকাশক: হোয়াইট ডট পাবলিশার্স (নিউ দিল্লী)
প্রথম প্রকাশ: ২০২৬ | পৃষ্ঠা: ২৬৪ | মূল্য: ৩০০টাকা
পাঠ-প্রতিক্রিয়ায়: ড. সুমাইয়া আহমেদ
পবিত্র আল-কুরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের পথপ্রদর্শক। কীভাবে জীবন পরিচালনা করতে হবে, কীভাবে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে কিংবা কীভাবে হতাশার মাঝেও আশার আলো খুঁজে পেতে হবে—জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের শিক্ষা আমাদের সঠিক পথের সন্ধান দেয়।
কিন্তু আধুনিক এই ব্যস্ত পৃথিবীতে আমরা প্রতিনিয়ত নানা ধরনের মানসিক অবসাদ, হতাশা, বিষণ্নতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি। কখনো কখনো জীবনের নানা জটিলতায় আমরা নিজেদের ভেতরের শক্তিটুকুও হারিয়ে ফেলি। এমন পরিস্থিতিতে কুরআনের বাণী আমাদের নতুন করে ভাবতে শেখায়, আশাবাদী হতে অনুপ্রাণিত করে এবং জীবনকে দেখার ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে।
কুরআনকে জানা, বোঝা এবং এর শিক্ষাকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে উপলব্ধি করার উদ্দেশ্যে অনেকেই কুরআনভিত্তিক বিভিন্ন বই রচনা করেছেন। সেসব বইয়ের মধ্যে রাসায়েল মিনাল কুরআন একটি উল্লেখযোগ্য সংযোজন। বইটির মূল লেখক আদহাম শারকাভী। বাংলা ভাষায় এটি অনুবাদ করেছেন মুহাম্মাদ মুরসালিম।
বইটি পড়তে গিয়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এর সবচেয়ে ভালো লাগার দিক হলো, পবিত্র কুরআনের ছোটো ছোটো আয়াতের অন্তর্নিহিত অর্থ ও জীবনঘনিষ্ঠ শিক্ষাগুলো অত্যন্ত সুন্দর, সহজবোধ্য ও হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরা হয়েছে।
প্রতিটি আয়াত যেন আমাদের জীবনের সঙ্গে মিশে থাকা কোনো না কোনো প্রশ্নের উত্তর দেয়। কখনো তা হতাশার মুহূর্তে আশার বাণী শোনায়, আবার কখনো নিজের জীবন ও চিন্তাভাবনাকে নতুন করে মূল্যায়ন করতে অনুপ্রাণিত করে।
আমার কাছে বইটি শুধু পড়ার মতো একটি বই নয় এর সঙ্গে এটি নিজেকে নতুন করে জানার, নিজের ভেতরে ফিরে তাকানোর এবং কুরআনের আলোয় জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করার একটি সুন্দর সুযোগ। বিশেষ করে, যারা মানসিক অস্থিরতা, হতাশা কিংবা জীবনের নানা প্রশ্নের মুখোমুখি হয়েও ইতিবাচক চিন্তার অনুপ্রেরণা খুঁজছেন, তাঁদের কাছে বইটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আমি মনে করি, বাংলাভাষী পাঠকদের কাছে বইটির বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষত, যাঁরা পবিত্র কুরআনের শিক্ষাকে দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে বুঝতে চান এবং ছোটো ছোটো আয়াতের গভীর তাৎপর্য উপলব্ধি করতে আগ্রহী, তাঁদের বইটি পড়া উচিত।
কিছু বই আমাদের নতুন তথ্য দেয়, কিছু বই আমাদের চিন্তা করতে শেখায়, আবার কিছু বই আমাদের নিজেদের ভেতরে ফিরে তাকাতে সাহায্য করে। আমার কাছে রাসায়েল মিনাল কুরআন তেমনই একটি বই। যাঁরা কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তুলতে চান, তাঁদের প্রতি বইটি পড়ার আন্তরিক অনুরোধ রইল।
ড. সুমাইয়া আহমেদ
সহকারী অধ্যাপিকা এবং বিভাগীয় প্রধান,
ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট,
আলিয়া বিশ্ববিদ্যালয়





